প্রতারকের খপ্পরে অটোভ্যান হারিয়ে বিপাকে এতিম কিশোর
Printed Edition
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবেশী দুই প্রতারকের কৌশলে এক পিতৃহীন কিশোরের ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঋণের টাকায় কেনা একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছে কিশোরটি। গতকাল মঙ্গলবার উপজেলার বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শাহাদৎ হোসেন জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা শালাইনগর গ্রামের বাসিন্দা। পাঁচ বছর আগে ঢাকায় কর্মরত অবস্থায় তার বাবা সবুজ হোসেন দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে বিধবা মা ও ভাইবোনদের নিয়ে নানার বাড়িতে বসবাস করছে সে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে ৮০ হাজার টাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যান কেনা হয়। সেই ভ্যান চালিয়ে শাহাদৎ পরিবারের ভরণপোষণ ও ঋণের কিস্তি পরিশোধ করছিল।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার দুপুরে মালঞ্চি এলাকা থেকে দুই ব্যক্তি যাত্রী সেজে ৭০০ টাকা ভাড়ায় শাহাদতের ভ্যানটি বনপাড়ায় ভাড়া করেন। বনপাড়া গির্জা রোড এলাকায় পৌঁছে একজন ভ্যানে বসে থাকেন, আরেকজন শাহাদৎকে সাথে নিয়ে একটি গলি থেকে কার্টন আনার কথা বলে ভেতরে যান। পরে তিনি শাহাদৎকে ভ্যানটি সেখানে নিয়ে আসতে বলেন। ভ্যানের কাছে ফিরে গিয়ে শাহাদৎ দেখতে পায়, সেখানে না আছে যাত্রী, না আছে তার অটোভ্যান। পরে কার্টন আনতে যাওয়া ব্যক্তিকেও আর খুঁজে পাওয়া যায়নি।