এবার কি একাদশে সুযোগ হবে মার্টিনেল্লির

Printed Edition

সেই ২০১৯ সালে ব্রাজিল দলে ডাক পাওয়া গ্যাব্রিয়েল মার্টিনেল্লির। তবে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে ব্রাজিল দলের প্রথম একাদশে চান্স পাননি তিনি। মরক্কোর বিপক্ষে তো প্রথম ম্যাচে তাকে নামানোই হয়নি। বাকি দুই ম্যাচ অর্থাৎ স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে বদলি হিসেবে নামানো। কিছুই করতে পারেনি। সেরা ৩২-এর ম্যাচেও তাকে নামানো হয় ৬৫ মিনিটে। এবার অবশ্য তিনি জয়ের নায়ক। ৯৬ মিনিটে তার করা গোলেই জাপানকে হারাল ব্রাজিল। এতে সেলেকাওদের যুক্তরাষ্ট্রের মাটিতে টানা দ্বিতীয় এবং মোট ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের আশা জিইয়ে থাকল। এখন প্রশ্ন, এই গোলের পর কি সেরা ১৬-এর ম্যাচে মূল একাদশে খেলার সুযোগ পাবেন মার্টিনেল্লি।

এই আর্সেনাল ফরোয়ার্ডের এটি দ্বিতীয় বিশ্বকাপ। কাতার বিশ্বকাপেও তিনি দলের সদস্য ছিলেন। তবে সে সময় নিয়মরক্ষার ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ ছাড়া অন্য ম্যাচগুলোতে বদলি হিসেবে নামেন। ক্যামেরুনের বিপক্ষে তিনি পুরো ৯০ মিনিট খেললেও সেই ম্যাচে অবশ্য হারতে হয়েছিল ব্রাজিলকে। এ ছাড়া সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও মাঠে আসেন রিজার্ভ বেঞ্চ থেকে।

অতীতে বহু ঘটনা আছে, বদলি ফুটবলার ম্যাচ জয়ী গোল করার পর তাকেই পরের ম্যাচগুলোতে মূল একাদশে সুযোগ দেয়া হয়। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে ইতালির সালভাদর শিলাচ্চি কিন্তু প্রথম দুই ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন। তবে তিনি এই বদলি হিসেবে গোল পাওয়ার পর থেকে আর তাকে একাদশের বাইরে রাখতে পারেননি ইতালির সেই সময়কার কোচ। বাকি ম্যাচগুলোতে নিয়মিত গোল করেছেন। সেমিতে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয়া ম্যাচেও গোল করেছিলেন শিলাচ্চি। বছরখানেক আগে দুনিয়া ছেড়ে চলে যাওয়া এই শিলাচ্চি শেষ পর্যন্ত ওই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। কাতার বিশ্বকাপে অর্জেন্টিনার জুলিয়ান আলভারেজও প্রথমে খেলার সুযোগ পাননি। লউতারো মার্টিনেজকে দিয়ে চেষ্টা করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু লাউতারো গোল করতে ব্যর্থ হওয়ার পর আলভারেজকে বদলি হিসেবে খেলানো শুরু। এরপর আলভারেজ গোল পাওয়া শুরু করলে লাউতারো চলে যান সাউড বেঞ্চে। আর আলভারেজ হয়ে যান শূ-স্ট্রাইকার। এভাবেই কাতার বিশ্বকাপে তার পাওয়া গোলের সংখ্যা ছিল চারটি।

আর্সেনালের হয়ে ১৯১ ম্যাচে ৪১ গোল করা মার্টিনেল্লি এ পর্যন্ত ব্রাজিলের জার্সি গায়ে করেছেন ৫ গোল। তার প্রথম গোল ২০২৩ সালে বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে। এরপর মেক্সিকোর বিপক্ষে, গত বছর জাপানের বিপক্ষে এবং এবার মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেছিলেন। ২০২০ সালের (২০২১-এ অনুষ্ঠিত) টোকিও অলিম্পিকে সেমিফাইনালে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে গোল করেছিলেন মেক্সিকোর বিপক্ষে। এখন কোচ অ্যানচেলোত্তি কি তাকে পরের ম্যাচে একাদশে রাখবেন। নাকি সুপার সাব হিসেবেই ব্যবহারের কৌশলে হাঁটবেন।