আন্দোলনরত ৮ দলের আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আজ থেকে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করবেন আন্দোলনরত আট দলের নেতারা। এ ছাড়া গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত তৈরি করতে মাসব্যাপী গণসচেতনতামূলক কর্মসূচি পালন করবে দলগুলো।
গতকাল খেলাফত মজলিস কার্যালয়ে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের এ কথা জানান। তিনি বলেন, আমরা গণভোট আগে হওয়ার দাবিসহ পাঁচ দাবির বিষয়েই এখনো অনড় আছি। তবে সরকারের আহ্বানে আমরা গণভোট আগে হওয়ার আন্দোলন থেকে সরে গেছি। আমরা এখনো মনে করি জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত। না হলে সমস্যা হতে পারে। তারপরও সরকার যেহেতু একই দিনে করতে চাচ্ছে সে জন্য আমরা হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরিতে মাসব্যাপী র্যালি, আলোচনা সভা, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি পালন করব। এ ছাড়া ১৬ ডিসেম্বর দলগুলো যার যার মতো করে বিজয় দিবস পালন করবেন। আগে ঘরোয়াভাবে হলেও এবার আমরা বাইরে র্যালিসহ বিভিন্ন কর্মসূচি নেবো। আন্দোলনরত আট দল কোনো নির্বাচনী জোট নয় জানিয়ে তিনি বলেন, আমরা এক ভোট বাক্স নীতিতে আগেও ছিলাম, এখনো আছি। আমরা একটি আসনে আট দলের পক্ষ থেকে একজনকে প্রার্থী করব, তাকে বিজয়ী করতে আমরা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করব।
আজ থেকে প্রার্থী যাচাই বাছাই শুরু হবে জানিয়ে তিনি বলেন, আশা করি আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে পারব এবং ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে। এখন থেকে মাঠ পর্যায়ে আট দলের বড় কোনো কর্মসূচি নেই জানিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পর পরবর্তী কর্মসূচি শুরু হবে।
বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলনের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মহাসচিব মাওলানা আবু ইউসুফ হাক্কানী, জাগপার মুখপাত্র ও সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) সাধারণ সম্পাদক কাজী নিজামুল হক নাঈম প্রমুখ।