ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
Printed Edition
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পাঁচ সহকারী শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম এ মামলা করেন। তার বিরুদ্ধে আনীত দুর্নীতির তদন্ত প্রতিবেদন অন্যায় ও বেআইনি দাবি করে তা বাতিলের জন্য সিভিল জজ আদালতে তিনি দরখাস্ত দেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদিদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
অভিযোগ সূত্রের খবর, প্রধান শিক্ষক বিধান চন্দ্রের বিরুদ্ধে বিদ্যালয়ের ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনেন শিক্ষক প্রভাত কুমার মজুমদারসহ সাতজন সহকারী শিক্ষক। শিক্ষকেরা তৎকালীন ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিলে শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়া হয়। পরে দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আল মুরাদ তদন্ত শেষে গত ১ জুলাই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়ে প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনটি চ্যালেঞ্জ করে প্রধান শিক্ষক আদালতে যান। মামলার বিবাদী সহকারী শিক্ষক প্রভাত কুমার ও সুশান্ত কুমার বলেন, প্রধান শিক্ষক ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছেন। নিরপেক্ষ তদন্তে দুর্নীতির প্রমাণ মেলায় তিনি নিজেদের বাঁচাতে আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা আইনজীবীর মাধ্যমে আদালতে আইনি জবাব দেব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আল মুরাদ বলেন, অভ্যন্তরীণ কমিটির হিসাব সঠিক পাওয়া গেছে এবং প্রধান শিক্ষকের দুর্নীতির প্রমাণ মিলেছে। প্রতিবেদন জমা দেয়ার পর মামলার নোটিশ পেয়েছি। ইউএনও খাদিজা আক্তার জানান, শিক্ষা কর্মকর্তা অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এবং আদালতের দেয়া মামলার নোটিশ পাওয়া গেছে।