রাজশাহীতে ধানক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল ধরমপুর এলাকায় ধানক্ষেত থেকে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আদিব আহনাফ স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে এবং বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

গতকাল সোমবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে কর্ণহার থানা পুলিশ লাশটি উদ্ধার করে। কর্ণহার থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে দাদা শামসুল হুদার সাথে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয় আদিব। পরে সে আর বাড়ি ফেরেনি। রাতভর খোঁজাখুঁজির পর সোমবার ভোরে স্থানীয় কৃষকরা ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের মামা মোকছেদ আলী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবার হত্যামামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

ওসি হাবিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।