রাজশাহীতে বিক্ষোভ
খুনিদের গ্রেফতারে ৭ দিনের আলটিমেটাম জামায়াতের
Printed Edition
রাজশাহী ব্যুরো
রাজশাহীর মোহনপুরে জামায়াত কর্মী ও মুয়াজ্জিন মো: আলাউদ্দিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। গতকাল সোমবার দুপুরে নগরীর সাহেব বাজার এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশ থেকে খুনিদের গ্রেফতারে প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয় দলটি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, ‘হত্যাকাণ্ডের দুইদিন পার হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়া অত্যন্ত উদ্বেগের। আসামি গ্রেফতারে কোনো ধরনের গড়িমসি বরদাশত করা হবে না।’ তিনি আরো বলেন, সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকলে হত্যা, দুর্নীতি ও পাপাচার নিমিষেই বন্ধ হয়ে যেত।
অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও বিএনপি বাস্তবে খুনের রাজনীতি শুরু করেছে। রাজশাহীর ঐতিহ্যগত শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে নির্বাচন-পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির অধ্যাপক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা এবং মহানগর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারসহ স্থানীয় নেতারা। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার রাতে মোহনপুরের সাঁকোয়া এলাকায় ঈদের নামাজের ইমাম নিয়োগ নিয়ে বিরোধের জেরে আলাউদ্দিনের ওপর হামলা চালানো হয়। জামায়াতের দাবি, স্থানীয় বিএনপি নেতা ওমর ও রাইসুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে নৃশংসভাবে পিটিয়ে ও পায়ে খুঁচিয়ে হত্যা করে।