স্বেচ্ছসেবক দল নেতা খুনের প্রধান শুটারসহ ৩ জন গ্রেফতার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার ভোরে মানিকগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে জিনাত, বিল্লালসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গ্রেফতারদের মধ্যে জিনাত মুসাব্বির প্রধান শুটার হিসাবে কাজ করেছেন। এ ছাড়া বিল্লাল ছিলেন পরিকল্পনাকারীদের একজন। প্রাথমিক বিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে। তবে তাদের নিয়ে আরেক জেলায় অভিযান চালানোর কারণে রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ।
গত ৭ জানুয়ারি বুধবার রাতে পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্টার কাবাব হোটেলের দ্বিতীয় তলায় আলোচনা শেষে সহকর্মী আবু সুফিয়ান মাসুদকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন মুসাব্বির। তারা সিটি হোন্ডা সার্ভিস পয়েন্টের সামনে গলির মুখে পৌঁছলে আগে থেকে রেকি করা দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। একটি গুলি লাগে তার ডান হাতের কনুইয়ের নিচে, আরেকটি পেটের ডান পাশে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে মাসুদও গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর জড়িতদের ধরতে থানা পুলিশের পাশাপাশি অভিযানে নামে গোয়েন্দা পুলিশ ও র্যাব সদস্যরা। তারা বিভিন্ন প্রযুক্তির ব্যবহার সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে দুইজনকে শনাক্ত করে। এর পরই শুরু হয় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান। এক পর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন শুটারদের কেউ মানিকগঞ্জ ও গাজীপুরে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত হয়ে রাতেই রওনা দিয়ে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম তিনজনকে গ্রেফতারে সক্ষম হয়।
ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজন কথিত শুটার জিনাত এবং অপরজন এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের একজন বিল্লাল বলে সন্দেহ করা হচ্ছে। তৃতীয়জন তাদের সহযোগী। তিনি আরো বলেন, গ্রেফতারদের নিয়ে ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে ভিন্ন একটি জেলায় অভিযানে রয়েছে পুলিশ। যার কারণে রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা ডিবি অফিসে পৌঁছেনি। অভিযানিক টিম পৌঁছানোর পর বিস্তারিত তথ্য পাওয়া যায়। পুলিশের টার্গেট এই ঘটনার মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা।