অনুমতি ছাড়া ছুটিতে ইউক্রেনের দুই লাখ সেনা

Printed Edition

সিএনএন

ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করেছেন। সামরিক পরিভাষায় একে বলা হয় ‘অ্যাবসেন্ট উইদাউট অফিসিয়াল লিভ’, অর্থাৎ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবস্থান ছেড়ে চলে যাওয়া।

বুধবার ইউক্রেনীয় পার্লামেন্টে দেয়া বক্তব্যে ফেদোরভ আরো জানান, সামরিক দায়িত্ব এড়ানোর কারণে প্রায় ২০ লাখ নাগরিককে বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এ পরিস্থিতি ইউক্রেনের সামরিক সক্ষমতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক বড় এবং শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে দেশকে রক্ষা করার চেষ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনী বছরের পর বছর ধরে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। সম্মুখ সমরের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সেখানে ইউক্রেনের সেনারা জনবল ও অস্ত্রশস্ত্রে পিছিয়ে থাকা সত্ত্বেও প্রায়ই গুরুত্বপূর্ণ অবস্থানগুলো ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেনাদের মনোবল ভেঙে পড়া এবং উচ্চহারে দলত্যাগের গুঞ্জন দীর্ঘকাল ধরেই শোনা যাচ্ছিল, তবে ফেদোরভের মন্তব্যটিই প্রথম, যেখানে কোনো ইউক্রেনীয় কর্মকর্তা এই সমস্যার প্রকৃত মাত্রা প্রকাশ করলেন।