আগডুম বাগডুম কবিতা গুলি
Printed Edition
পহেলা বৈশাখ
খোরশেদ আলম নয়ন
বোশেখ তোমার রুদ্ররূপে আমরা দিশেহারা
উড়িয়ে নিয়ে ঘরের চালা করেছ ঘর ছাড়া!
আমরা জেলে আমরা মাঝি আহার খোঁজার ছলে,
ডাঙার প্রাণী তবুও আধেক জীবন কাটাই জলে!
সোনার ফসল যাই ফলিয়ে পাই না মনে সুখ
তোমার নিঠুর কালবোশেখি আনল বয়ে দুখ!
তবুও তোমায় স্মরণ করি বরণ করি আজ
সবার মাঝে ছড়াও তুমি আবার নতুন সাজ।
আঁধার রাতের শেষে যেমন সূর্য ছড়ায় হাসি
দুঃখের পরে সুখও যেমন আসে পাশাপাশি;
তেমনি করে বোশেখ তোমার রুদ্র তাপের তলে
যেন সব বঞ্চিতদের দুঃখের বরফ গলে।
বোশেখ আনো নতুন দিনের নতুন আহ্বান
সবার প্রাণে জাগাও আশা জীর্ণতা হোক ম্লান;
বোশেখ এসো আমের বনে এসো নদীর কূলে
কিশোর দিনের রঙ ছড়িয়ে পুরনো বটমূলে।
বোশেখ এসো বাঁশির সুরে যাও বাজিয়ে বীণ
রঙিন ফিতা রেশমি চুড়ি সেই হারানো দিন!
এই বাঙালির হৃদয় নেড়ে আজ দিয়ে যাও ডাক
নতুন দিনের আবির মেখে পহেলা বৈশাখ।
চলে
নূরুল ইসলাম মনি
পিঁপড়া চলে পিলপিলিয়ে
ছাগল চলে লাফ দিয়ে
সিংহ চলে বনের ভেতর
মাটির উপর চাপ দিয়ে।
নৌকা চলে নদীর বুকে
লাল সবুজের পাল তুলে
জাহাজ চলে সাগর কেটে
দেশ-বিদেশী মাল তুলে।
পাখি চলে পাখনা মেলে
হাওয়ার উপর ভর দিয়ে
বিমান চলে নীল আকাশে
দেশ ও দেশান্তর দিয়ে।
হাতি চলে চুপিচুপি
শুঁড়খানাকে লটকিয়ে
মানুষ চলে দম্ভ করে
বিপক্ষকে চটকিয়ে।
পাখি হব
কুলসুম বিবি
নিঝুম রাতের ক্লান্তি শেষে
ভোরের পাখি হব
শিশির ভেজা পাতার ফাঁকে
উঁকি দিয়ে রব।
কিচিরমিচির মিষ্টি সুরে
করব ডাকাডাকি
বন্ধু হবে ফিঙ্গে টিয়ে
আরো অনেক পাখি।
প্রভাত আলোর দ্যুতি ছুঁয়ে
সুখ ছড়িয়ে দেবো
ফুলবাগিচার ডালে বসে
ফুলের সুবাস নেবো।
ফুটলে আলো নীল আকাশে
মেলে দেবো ডানা
উড়ে উড়ে দূরে যাবো
কেউ করবে না মানা।
গোবরে পোকা
গাজী আবু হানিফ
গোবরে পোকা গোবরে পোকা
চুপটি করে থাকে
ডালে যখন মুহুর্মুহু
দোয়েল পাখি ডাকে।
দোয়েল পাখি সরে না
গোবরে পোকা নড়ে না।
আগে ঘুমাই আগে উঠি
আরাফাত শাহীন
ভোর বিহানে উঠব সবাই
বসব নিয়ে বই
কিচিরমিচির ডাকছে পাখি
সঙ্গী তাদের হই।
বাতাস-মাখা ভোরের আজান
কী যে মধুর লাগে!
এসব কিছুই পাবো যদি
উঠতে পারি আগে।
রাতের বেলা তাড়াতাড়ি
যাই ঘুমাতে ছুটে
বাবার সাথে ফজর নামাজ
পড়তে হবে উঠে।
আগে ঘুমাই আগে জাগি
সুস্থ শরীর মন
এসো সবাই নিয়ম মানি
বন্ধু ও স্বজন।
চৈত্রে
গোলাম আশরাফ খান উজ্জ্বল
পাখি ডাকে ফুল ফোটে
ঝিঁঝিঁ ডাকে চৈত্রে
সংসার সুখের হয়
ছোট-বড়র মৈত্রে।
দরদর ঝরে ঘাম
বাতাস নাই একদম
ভালো হতো এখনি
মেঘ হলে ঝমঝম।