অ্যাডভোকেট বদিউল আলমের মৃত্যুবার্ষিকী আজ
Printed Edition
বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ এবং আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলমের আজ [১০ ফেব্রুয়ারি, ২০২৬] ২৩তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯২৬ সালে চন্দনাইশ থানার ফতেহনগর গ্রামে সম্ভ্রান্ত শিকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৬ সনে গ্রাজ্যুয়েশন লাভ করেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ পরবর্তীতে ১৯৭২ সালে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহসভাপতি ও ১৯৮১ সনে সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। বঙ্গবন্ধু ল’টেম্পলে (আইন কলেজ) তিনি বছরাধিককাল অবৈতনিক শিক্ষকতার দায়িত্ব পালন করেন। তিনি ‘বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’, ‘জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি’, ‘মুসলিম এডুকেশন সোসাইটি’ ‘চট্টগ্রাম অর্পণা চরণ গার্লস হাইস্কুল পরিচালনা কমিটি’, পটিয়া কলেজ অর্গানাইজিং কমিটি, কদম মোবারক মুসলিম এতিমখানাসহ প্রভৃতি সমাজকল্যাণমূলক সংস্থার আজীবন সদস্য ছিলেন। এ ছাড়া নিজ গ্রাম ফতেহনগরে ব্যক্তিগত উদ্যোগে তিনি শরীফুন্নেসা নজির উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ও একটি প্রাইমারি স্কুল, একটি মাদরাাসা ও তৎসংলগ্ন একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘অ্যাডভোকেট বদিউল আলম স্মৃতি পরিষদ’ চন্দনাইশে এক দোয়া মাহফিলের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।