খেলাধুলাকে তৃণমূলে ছড়িয়ে দিতে হবে : এলজিআরডি মন্ত্রী
Printed Edition
বাসস
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়া এবং পেশাভিত্তিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি বলেন, খেলাধুলার সাথে সম্পৃক্ত ব্যক্তিরা সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন এবং সমাজে তাদের গ্রহণযোগ্যতা সর্বজনীন।
গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাব-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্লাবটির নবনির্বাচিত সভাপতি বরকত উল্লাহ বুলু এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো: আবদুস সালাম, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং আবাহনী ক্লাবের সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু বক্তব্য দেন।
বিএনপি মহাসচিব বলেন, খেলাধুলার জগৎ একটি আলাদা জগৎ, যেখানে সম্পৃক্ত হলে আত্মিক প্রশান্তি অনুভূত হয়। এ সময় তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি খেলাধুলার সাথে যুক্ত ছিলেন এবং বিশেষ করে ক্রিকেটের সাথে তার সম্পৃক্ততা ছিল বেশি। এক সময় তিনি ক্রিকেট বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মির্জা ফখরুল বলেন, দেশের ক্রীড়াঙ্গনে নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর থেকেই খেলাধুলাকে গ্রামাঞ্চলসহ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
তিনি আরো বলেন, খেলোয়াড়দের ভাতা প্রদান বা সম্মাননা দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তার চেয়েও বড় বিষয় হচ্ছে খেলোয়াড়রা যেন ভবিষ্যতে খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারে, সে পরিবেশ তৈরি করা। এ লক্ষ্য সামনে রেখে কাজ শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ওপর জোর দিয়ে বিএনপি মহাসচিব বলেন, কোনো রাজনৈতিক প্রভাবের কারণে যেন কোনো মেধাবী খেলোয়াড় দল বা জাতীয় দল থেকে বাদ না পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে। এটি ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এ ধরনের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। মন্ত্রী বলেন, দেশের তরুণ ক্রীড়া নেতৃত্ব অত্যন্ত সম্ভাবনাময় এবং তাদের নেতৃত্বে ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে। নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃত্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব ভবিষ্যতে আরো সফলতা অর্জন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনে মেধা ও দক্ষতার ভিত্তিতেই খেলোয়াড়দের মূল্যায়ন নিশ্চিত করতে হবে, কোনো রাজনৈতিক পরিচয় বা বিভাজনের ভিত্তিতে নয়।’