সিংগাইরে আ’লীগ নেতাকে টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Printed Edition

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সিংগাইরে ডেভিল হান্ট ফেস-২ অভিযানে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের পর মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত আরবীকুল ইসলাম সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর (বাঘুলি) পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই হিসেবে কর্মরত। অন্য দিকে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতা আজাহার উদ্দিন খান (৬২) উপজেলার চান্দহর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। সে ওই ইউনিয়নের বাঘুলি গ্রামের মৃত বিনোদ খানের ছেলে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার সন্ধ্যার আগে বাঘুলি বাজারের আজাহার মার্কেটের সামনে পারভীনের পিঠার দোকান থেকে তাকে গ্রেফতার করেন এসআই আরবীকুল। পরে তাকে গাড়িতে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তিনি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী ইউনিয়নের জামির্ত্তা চকে দেন-দরবার শেষে তার ছেলের মাধ্যমে দুই লাখ টাকা নিয়ে তাকে ছেড়ে দেন তিনি।

আওয়ামী লীগ নেতা আজাহারের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

গ্রেফতারের বিষয়টি এলাকার আনিস খান, আহাম্মেদ খান, তৈয়বুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুর রহমানসহ অনেকেই নিশ্চিত করেন। তবে দেন-দরবার শেষে আজহারকে ছেড়ে দেয়ার বিষয়টি নিয়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিএনপিসহ অন্যান্য দলের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত এসআই আরবীকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়টি অস্বীকার করেন। শান্তিপুর (বাঘুলি) পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আতিকুর রহমানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি তা রিসিভ করেননি। সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, খোঁজখবর নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে। সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয় হবে।