বর্ধিত গ্যাসের দাম প্রত্যাহারের দাবি মুসলিম লীগের
Printed Edition
বেসরকারি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ও অটোগ্যাসের দাম এক লাফে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মুসলিম লীগ।
দলটির সভাপতি জুবায়েদা কাদের চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী ও অতিরিক্ত মহাসচিব তারেক জমির সজীব এক যৌথ বিবৃতিতে এই দাম বৃদ্ধির সিদ্ধান্তকে ‘জনগণের ওপর অনাকাক্সিক্ষত বোঝা’ হিসেবে অভিহিত করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এলপিজি বর্তমানে নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় পণ্য। ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ৩৮৭ টাকা।
সরকারি নির্ধারিত মূল্য যখন ১৩৪১ টাকা ছিল, তখনই খুচরা বাজারে তা ১৭৫০ থেকে ১৮০০ টাকায় কিনতে হয়েছে। এখন নতুন দামের ফলে সাধারণ মানুষকে একটি সিলিন্ডার ২ হাজার থেকে ২১০০ টাকায় কিনতে হবে, যা নিম্ন ও মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে।
মুসলিম লীগ নেতৃবৃন্দ আরো বলেন, জ্বালানির এই মূল্যবৃদ্ধির ফলে শুধু সাধারণ মানুষের জীবনযাত্রাই সঙ্কটে পড়বে না, বরং মাঝারি ও ভারী শিল্প-কারখানার উৎপাদন খরচও বেড়ে যাবে। এর সরাসরি প্রভাবে বাজারে নিত্যপণ্যের দাম আরো এক দফা বাড়বে।
সরকারকে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দাম না বাড়িয়ে প্রয়োজনীয় আমদানি নিশ্চিত করা এবং দেশে উৎপাদন বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি। জনস্বার্থে অবিলম্বে এলপিজি ও অটোগ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে দলটি। বিজ্ঞপ্তি।