সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় আয়াতুল ইসলাম নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল রোববার শিশুটির পিতা সৈয়দ আহমদ বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২০ জুন) রাত সাড়ে ১১টায় সরল ইউপির পূর্ব কাহারঘোনার সৈয়দ আহমদ তার নিউমিনিয়া রোগে আক্রান্ত দুই মাস বয়সী শিশু আয়াতুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরদিন রোববার বেলা দেড়টা পর্যন্ত রোগী সুস্থ থাকলেও ডাক্তারের অনুমতি ব্যতীত অজ্ঞাত নার্স একটি ইনজেকশন পুশ করার ১৫ মিনিটের মধ্যে রোগীর মৃত্যু হয়। এর পর থেকে অভিযুক্ত নার্সের সন্ধান পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় কর্তব্যরত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান মৃত শিশুটির পিতা সৈয়দ আহমদ। এই ঘটনায় হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মুমিনুল হক জানান, এক দিন চিকিৎসাধীন থেকে শিশুটির মৃত্যু হয়েছে। বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা।


ইউপি কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বছরের পর বছর বিদ্যুৎ বিল না দেয়ায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে গত চার দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এক লাখ ১০ হাজার টাকা বকেয়া বিদ্যুৎ বিলের কারণে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। বিদুৎ বিছিন্ন করায় ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা স্থবির হয়ে পড়েছে, এতে সেবাবঞ্চিত মানুষ চরম অসন্তুষ্ট। কেউ কেউ দুই সপ্তাহ ধরে ঘুরেও সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের উদাসীনতা ও অবহেলাকেই দায়ী করছেন অনেকেই। চুয়াডাঙ্গা প্রতিনিধি।


ন্যাশনাল রিপোর্ট প্রকাশ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে গতকাল দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন ও অগ্রগতির চিত্র তুলে ধরে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন (ন্যাশনাল রিপোর্ট) প্রকাশ সংক্রান্ত সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় প্রতিবেদন বিষয়ে সভাকে অবহিত করেন পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন। সেমিনারে জানানো হয়, এ শুমারিতে সারা দেশে মোট ৮৭ হাজার ৪১৯টি গণনা এলাকা (ঊঅ) গঠন করে প্রতিটি এলাকায় প্রায় ১৫০টি অর্থনৈতিক ইউনিট অন্তর্ভুক্ত করা হয়। মাঠপর্যায়ে তথ্যসংগ্রহে ৮৭ হাজার ৪১৯ জন গণনাকারী, ১৬ হাজার ৯৩৪ জন সুপারভাইজার, দুই হাজার ৫৭৭ জন জোনাল অফিসার, দুই হাজার ৫৭৭ জন আইসিটি সুপারভাইজার এবং বিভাগীয়, জেলা ও উপজেলাপর্যায়ের সমন্বয়কারীরা অংশগ্রহণ করেন। এর মধ্যে মোট ৯৪৫ জন গণনাকারী, ১৮২ জন সুপারভাইজার, ২৫ জন জোনাল অফিসার, পাঁচজন উপজেলা শুমারি সমন্বয়কারী এবং একজন জেলা সমন্বয়কারী দায়িত্ব পালন করেন। লক্ষ্মীপুর প্রতিনিধি।


আলমডাঙ্গায় ৩ ডাকাত গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, রশি, ব্যাটারিচালিত ভ্যানসহ ডাকাতির কাজে ব্যবহারের উপযোগী বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার নওদা বন্ডবিল কবরস্থানের পাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় মাদক, চোরাচালান ও ডাকাতি প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার কুণ্ডুর নেতৃত্বে একটি দল রাতে টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নওদা বন্ডবিল কবরস্থানসংলগ্ন এলাকায় অভিযান চালায়। পুলিশের দাবি, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহাসড়কের পাশে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।


কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর দাবি

নীলফামারীতে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজি প্রতি পাঁচ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ডিসি অফিস মোড়ে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি সংগঠনের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- সংগঠনটির সদর উপজেলা সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও কিশোরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান রিপন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশে এ বছর আলুর বাম্পার ফলন হলেও কৃষকরা উৎপাদিত আলুর ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কোল্ড স্টোরেজ ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নীলফামারী প্রতিনিধি।


সাংবাদিককে ‘আছাড় দিয়ে মারার’ হুমকি

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি সিলগালাকৃত ক্লিনিক নিয়মবহির্ভূতভাবে চালুসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে শাহনেওয়াজ নাজিম নামের এক সাংবাদিককে প্রকাশ্যে ‘আছাড় দিয়ে মারার’ হুমকি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী শাহনেওয়াজ নাজিম জাতীয় দৈনিক ‘মানবকণ্ঠ’-এর ফটিকছড়ি প্রতিনিধি এবং ফটিকছড়ি প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক। এই ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে তিনি ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ‘ফটিকছড়ি সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইন’ নামের একটি সিলগালাকৃত প্রতিষ্ঠানের অনিয়ম ও লাইসেন্স-সংক্রান্ত খবর প্রকাশের পর থেকেই ওই সাংবাদিককে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছিল। ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, গত ১৯ জুন ফটিকছড়িতে বিএনপির একটি কর্মসূচি চলাকালে অনুষ্ঠানস্থলের বাইরে যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরী তার ওপর চড়াও হন। তিনি প্রকাশ্যে সাংবাদিক নাজিমকে প্রাণনাশের হুমকি দেন এবং পরিহিত পাঞ্জাবির কলার ধরে টানাহেঁচড়া করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তৎকালীন সংসদ সদস্যের কর্মসূচি চলাকালে প্রকাশ্য দিবালোকে এমন আচরণে উপস্থিত সবার মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। লাঞ্ছনাকালে অভিযুক্ত নেতাকে একাধিকবার এমপির নাম ব্যবহার করতেও শোনা যায়। ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা।


কেন্দুয়ায় মাদকবিরোধী আন্দোলন

মাদকের অভয়ারণ্য নেত্রকোনার কেন্দুয়া। উপজেলার যত্রতত্র মাদকের ছড়াছড়ি। সব শ্রেণিপেশার মানুষের বিশাল একটা অংশ মাদকাসক্ত। তাই বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম। সমাজে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। অশান্তির অনলে জ্বলছে বহু পরিবার। অভিযানে মাদকসেবী ও ছোটখাটো বাহকরা ধরা পড়লেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। ফলে এর বিস্তার এক ভয়াবহ আকার ধারণ করেছে। কেন্দুয়ায় মাদকবিরোধী সোচ্চার আন্দোলনে নেমেছে জনগণ। কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, মাদকের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স। ইতোমধ্যে বেশ কয়েকজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। এর সাথে জড়িত যেই হোক তাকে ছাড় দেয়া হবে না, এমনকি পুলিশ সদস্য হলেও। কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা।


১২ ফুট দৈর্ঘ্যরে অজগর উদ্ধার

মিরসরাইয়ে কৃষিজমির জালে আটকা পড়া ১২ ফুট দৈর্ঘ্যরে একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকা থেকে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা। পরবর্তী সময়ে বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেকের গহিন জঙ্গলে অজগরটি অবমুক্ত করা হয়। জানা গেছে, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকায় কৃষিজমির চার পাশে দেয়া জালে একটি অজগর সাপ আটকে থাকতে দেখে স্থানীয়রা বাংলাদেশ বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী দলের কর্মীদের সাথে যোগাযোগ করলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।