আহ্বায়ক মনিরা শারমিন, সদস্যসচিব মাহমুদা মিতু

এনসিপির নারী উইং ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ

Printed Edition
3rd-2
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। নতুন এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্যসচিব হিসেবে ডা: মাহমুদা আলম মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, জুলাই-পরবর্তী সময়ে নারীদের লক্ষ্য করে অনলাইন বা সাইবার বুলিংয়ের প্রবণতা অনেক বেড়ে গেছে। বিশেষ করে রাজনৈতিকভাবে সক্রিয় নারীদের এমনভাবে টার্গেট করা হচ্ছে যে, তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন।

তিনি বলেন, ‘এই পরিস্থিতির কারণে ছাত্র-আন্দোলনের অনেক নারীই রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছেন। হারিয়ে যাওয়া সেই নারীদের আমরা খুঁজে বের করার চেষ্টা করব।’

নাহিদ ইসলাম আরো বলেন,‘যারা রাজপথে সক্রিয়ভাবে আন্দোলনে ছিলেন, পরবর্তী সময়ে রাজনীতির মাঠে তাদের সেই হারে দেখা যাচ্ছে না। আন্দোলনের নেতৃত্ব হিসেবে এর দায় আমাদের ওপর কতটুকু বর্তায়, সেটিও একটি বড় প্রশ্ন। সারা দেশের জুলাইয়ের যেসব নারী কণ্ঠস্বর হারিয়ে গেছে, আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করব। জাতীয় নারীশক্তি সেই চেষ্টা করবে।’

নাহিদ ইসলাম নারীদের প্রতি সহিংসতা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান, অনুষ্ঠানে নারীশক্তির আত্মপ্রকাশের পাশাপাশি নারী দিবস উপলক্ষে আলোচনা সভা করে এনসিপি।