ভারতে ট্রেনের ধাক্কায় ৭ বন্যহাতির মৃত্যু
Printed Edition
এপি
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে গতকাল শনিবার ভোরে একটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সাথে সংঘর্ষে সাতটি বন্য এশিয়াটিক হাতি মারা গেছে। এ ছাড়া একটি হাতিশাবক আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় হাতির পালটি রেললাইন পার হচ্ছিল।
ভারতীয় রেলওয়ের মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ট্রেনচালক প্রায় ১০০টি হাতির দল দেখতে পেয়ে জরুরি ব্রেক চেপে ধরলেও ট্রেনটি হাতির পালটিকে ধাক্কা দেয়। হাতির পালের সাথে সংঘর্ষের পর ট্রেনের পাঁচটি বগি এবং ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। কিশোর শর্মা নিশ্চিত করেছেন, এ ঘটনায় কোনো মানুষ হতাহত হয়নি। পশুচিকিৎসকরা মৃত হাতিগুলোর ময়নাতদন্ত করছেন। ময়নাতদন্ত শেষে তাদের সমাহিত করা হবে।
দুর্ঘটনাস্থলটি আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) দক্ষিণ-পূর্বে একটি বনাঞ্চল।