কারচুপির পরও বৃহত্তর স্বার্থে ফলাফল মেনে নিয়েছি : গোলাম পরওয়ার
Printed Edition
ফুলতলা (খুলনা) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশবাসী উৎসবমুখর পরিবেশে ভোট দিলেও ফলাফল গণনার সময় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। বুধবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াত আয়োজিত এই অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, রাত ১০টা পর্যন্ত ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে থাকলেও হঠাৎ ফলাফল ঘোষণা বন্ধ করে দেয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাউকে খুশি করতে পরিকল্পিতভাবে কারচুপির মাধ্যমে ফলাফল উল্টিয়ে দিয়েছে। তবে জাতির বৃহত্তর স্বার্থে আমরা সেই ফলাফল মেনে নিয়েছি।
তিনি আরো জানান, জনমতের প্রতিফলন নিশ্চিত করতে জামায়াতে ইসলামী সারা দেশের মাত্র ৩২টি আসনের বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দিয়েছে এবং উচ্চ আদালতে রিট করেছে। আদালতের রায় সাপেক্ষে রিটার্নিং অফিসার ভোট পুনর্গণনা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রমজানের গুরুত্ব তুলে ধরে সাবেক এই এমপি বলেন, রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস। রোজা রাখার মূল উদ্দেশ্য হলো তাকওয়া বা খোদাভীতি অর্জন করা। কেবল রমজান নয়, সারা বছর এই আল্লাহভীতি বজায় রেখে চললে পরকালীন মুক্তি সম্ভব।
উপজেলা আমির অধ্যাপক আ: আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী এবং জেলা শিবির সভাপতি মো: মমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মো: সানোয়ার হোসেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।