সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
বরিশালে কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা শুরু
বরিশালে আধুনিক কৃষি প্রযুক্তি ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর খামারবাড়ি চত্বরে মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে উপস্থিত কৃষকদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোসাম্মত মরিয়মসহ কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা টেকসই কৃষির প্রসারে এমন মেলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বরিশাল ব্যুরো।
বজ্রপাতের বিকট শব্দে গৃহবধূর মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতের বিকট শব্দে লুৎফুন্নাহার রোমানা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে যান রোমানা। ফেরার পথে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বজ্রপাতের শব্দে হার্ট অ্যাটাক বা আতঙ্কে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নোয়াখালী অফিস।
নেশার টাকা না পেয়ে মাকে খুন, ছেলে আটক
নাটোরে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে সাজেদা বেগম (৫৫) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার বিকেলে বড়াইগ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাদকসেবী ছেলে রাজন মায়ের কাছে ৫০০ টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় রাজন ছুরি দিয়ে মায়ের পেটে উপর্যুপরি আঘাত করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। অভিযুক্ত রাজনকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করেছে পুলিশ। বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা।
মাদককারবারিসহ ৯ আসামি গ্রেফতার
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদককারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৯ জনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গত রোববার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ইয়াবা ও গাঁজাসহ ছয়জন মাদককারবারি এবং তিনজন আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, অপরাধ নির্মূলে পুলিশের এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে ওই দিন বিকেলেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো
হয়েছে। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।
বজ্রপাতরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
চাঁদপুরের মতলব উত্তরে বজ্রপাত থেকে সুরক্ষা নিশ্চিত করতে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। লিফলেট বিতরণকালে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, সচেতনতা ও সতর্কতাই পারে বজ্রপাতে প্রাণহানি কমাতে। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষক ও পথচারীদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেন তিনি। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন, যা দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা।
অটোরিকশা ভাড়া নিয়ে সংঘর্ষে আহত ৬
নেত্রকোনার খালিয়াজুড়িতে অটোরিকশা ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় খালিয়াজুড়ি সদরের ভেড়িয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সকালে অটোরিকশা চালক শফিক মিয়ার সাথে যাত্রী হাবুল মিয়ার ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানার ওসি নাসির উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রোগীদের খোঁজ নিয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে। খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা।
ভবন থেকে পড়ে রঙ মিস্ত্রির মৃত্যু
চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে মোহাম্মদ রাফিজ (৩০) নামে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার ভাটিখাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিজ খরনা ইউনিয়নের লালারখীল পশ্চিমপাড়ার জসীমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মইয়ের ওপর দাঁড়িয়ে রঙ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু তৈয়্যব বিষয়টি নিশ্চিত করেছেন। পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা।
গিনেস রেকর্ড গড়া সিফাতকে ইউএনওর সংবর্ধনা
চোখ বেঁধে দ্রুততম সময়ে ১০টি মাস্ক পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা সিফাত আকনকে (১৮) সংবর্ধনা দিয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন। ১০.৩২ সেকেন্ডে এ কৃতিত্ব গড়ে সিফাত পিরোজপুরের মঠবাড়িয়ার নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন। গতকাল সোমবার সকালে ইউএনও আকলিমা আক্তার তাকে কার্যালয়ে ডেকে অভিনন্দন জানান এবং ক্রেস্ট দেন। সিফাত জানান, চার বছর আগে ভারতের এক ব্যক্তির রেকর্ড ভাঙার পরিকল্পনা থেকেই তার এ যাত্রা শুরু। অনেক দীর্ঘ প্রক্রিয়ার পর গত ২৮ এপ্রিল তিনি গিনেস কর্তৃপক্ষের স্বীকৃতি পান। সংবর্ধনা অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।
ইয়াবাসহ ২ মাদককারবারি আটক
কক্সবাজারের ঈদগাঁওতে ১৪০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ১১টায় বাসস্টেশনের জাগিরপাড়া রাস্তার মাথায় একটি টমটম গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো ইসলামপুর ইউনিয়নের ধর্মেরছড়া গ্রামের সাদ্দাম হোসেন (৩২) ও দেলোয়ার হোসেন (৪২)। ঈদগঁাঁও থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা।
২,৩০০ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
চট্টগ্রামের বাঁশখালীতে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত রোববার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম। ইউএনও জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে পাঁচ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার দেয়া হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকারসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। কৃষকদের উৎপাদন বাড়াতে সরকারের এ উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি
করেছে। বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা।