সাবেক মেয়র আতিকের মেয়ে বুশরাকে দুদকে জিজ্ঞাসাবাদ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ও প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।
জুলাই আন্দোলনের পর মতার পটপরিবর্তনের প্রোপটে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে থাকা সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। একই সাথে তার স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনের বিদেশযাত্রায় গত ৭ জানুয়ারি নিষেধাজ্ঞা দেন আদালত।
মতার অপব্যবহার ও টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থ অপচয়, দুর্নীতি ও অর্থপাচারের সাথে আতিকুল ইসলাম ও সংশ্লিষ্ট অন্যরা জড়িত থাকার অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে দুদক।
আতিক ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ আছে বলে অভিযোগ রয়েছে।
এর আগে ২০২৪ সালের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।