আজিমপুর গণপূর্ত বিভাগে ঠিকাদার সিন্ডিকেটের কমিশন বাণিজ্য
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আজিমপুর গণপূর্ত বিভাগে টেন্ডার কার্যক্রম ঘিরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের অভিযোগ এ সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন বহুল আলোচিত ঠিকাদার বদিউল আলম সুইট।
অভিযোগ সূত্রে জানা যায়, আজিমপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের সহযোগিতায় বদিউল আলম দীর্ঘদিন ধরে টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে আসছেন। এতে করে সাধারণ ঠিকাদাররা প্রতিযোগিতামূলক পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন এবং সরকারি কাজের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
ঠিকাদারদের অভিযোগ, প্রতিটি কাজ পাইয়ে দেয়ার জন্য ২০% পর্যন্ত কমিশন দাবি করা হয়। এ কমিশন না দিলে টেন্ডার থেকে বাদ দেয়ার হুমকি দেয়া হয়। এ ছাড়া সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুসরণ না করে পছন্দের ঠিকাদারদের কাজ দেয়ার অভিযোগও উঠেছে।
অভিযোগে আরো বলা হয়, টেন্ডার প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে আবেদন বাতিল, ভয়ভীতি প্রদর্শন, এমনকি পেশিশক্তির ব্যবহার করে প্রতিযোগীদের দমিয়ে রাখা হচ্ছে। ফলে অনেক যোগ্য ঠিকাদার কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
কয়েকজন ঠিকাদার দাবি করেছেন, তারা অনিয়মের প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে আইনি জটিলতা সৃষ্টি করা বা কালো তালিকাভুক্ত করাসহ ফ্যাসিস্টের দোসর অথবা আওয়ামী লীগ নেতা বানানোর ভয় দেখানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তারা একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অভিযোগগুলো যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বদিউল আলম সুইট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।