টি-২০ দলে রিপন ও সাকলাইন
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য একাধিক চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে তারকা পেসার মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। সেখানে পেসার রিপন মন্ডল আর পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের মতো নতুনদের সুযোগ দিয়েছে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় রিপনকে নিয়ে প্রধান নির্বাচক সুমন বলেন, ‘আমরা কিছু নতুন মুখ দেখতে চাইছি টি-২০তে। সেই কারণেই নাহিদ রানা ও তাসকিনকে বিশ্রাম দেয়া হয়েছে। নাহিদ রানা ওয়ানডে ম্যাচের পর টেস্টের আগে বিশ্রাম দরকার ছিল।’
নতুন চেহারার ফাস্ট বোলিং লাইন-আপে অভিষেক না হওয়া পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ২৮ বছর বয়সী এই খেলোয়াড় সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে বোলিং দক্ষতার জন্য নজরে এসেছেন। সাকলাইন লোয়ার অর্ডারে একজন কার্যকরী ব্যাটারও, যার বড় শট খেলার ক্ষমতা রয়েছে। ডানহাতি পেসার রিপন মন্ডল, যিনি ডেথ ওভারে তার বোলিং দিয়ে মুগ্ধ করে ধারাবাহিকতার জন্য পুরস্কৃত হয়েছেন। ২৩ বছর বয়সী এই খেলোয়াড় বাংলাদেশের হয়ে তিনটি টি-২০ ম্যাচ খেলেছেন। তবে সবগুলোই ২০২৩ এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতায়।
টি-২০ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফ উদ্দিন ও আবদুল গাফ্ফার সাকলাইন।