ফ্যাসিস্ট আমলে বুটেক্সে ছাত্র নির্যাতনের ঘটনায় তদন্ত ও শাস্তি নিশ্চিতে ৭ দফা দাবি
Printed Edition
শেফাক মাহমুদ বুটেক্স
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দীর্ঘ ১৭ বছর ধরে চলমান শিক্ষার্থী নির্যাতন এবং জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্র ও অ্যালামনাইদের ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে। বুটেক্স এন্টি টর্চার মুভমেন্ট। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্যে সংগঠনের মুখপাত্র ও সাবেক বুটেক্স ডিবেট ক্লাবের সভাপতি সাকিব বিন আতিক বলেন, জ্ঞান, নৈতিকতা ও প্রগতিশীলতার প্রতীক হওয়ার কথা যে বিশ্ববিদ্যালয়ের, সেই বুটেক্সে বছরের পর বছর ধরে সহিংসতা, নিপীড়ন ও বিচারহীনতার ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছে। প্রশাসনিক নীরবতা ও রাজনৈতিক আশ্রয়ের কারণে এই সংস্কৃতি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা জানান, গত জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে বুটেক্স ক্যাম্পাসে পরিকল্পিতভাবে ছাত্রদের ওপর হামলা চালানো হয়। এতে একাধিক শিক্ষার্থী ও এলামনাই গুরুতর আহত হন এবং অনেকেই গুলিবিদ্ধ হন। হত্যাচেষ্টার মতো গুরুতর অপরাধ সংঘটিত হলেও আজ পর্যন্ত এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেয়াকে কখনোই অপরাধ হিসেবে গণ্য করা যায় না এবং হত্যাচেষ্টাকে রাজনৈতিক ঘটনার অজুহাতে ধামাচাপা দেয়া যায় না। বক্তারা অভিযোগ করেন, ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
সংবাদ সম্মেলনে গত ১৭ বছরে বুটেক্স ক্যাম্পাসে সংঘটিত নির্যাতনের চিত্র তুলে ধরে বলা হয়, এই সময়ে শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন, মেরে রক্তাক্ত করা, কানের পর্দা ফাটিয়ে দেয়া, ভয়ভীতি প্রদর্শন, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং মিথ্যা মামলায় দীর্ঘ দিন কারাবন্দী রাখার মতো ঘটনা নিয়মিত ঘটেছে।
বক্তারা আরো বলেন, নির্যাতিত শিক্ষার্থীদের পরিবারগুলো মামলা পরিচালনা ও চিকিৎসা ব্যয়ের কারণে চরম আর্থিক সঙ্কটে পড়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্যাতিতদের জন্য কোনো আইনি বা আর্থিক সহায়তা প্রদান করা হয়নি। বিশ্ববিদ্যালয় থেকে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিলেও তা বাস্তবে কার্যকর হয়নি বলেও অভিযোগ করা হয়।
৭ দফা দাবিগুলো হচ্ছে : জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্র ও অ্যালামনাইদের ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সব ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও বিচার নিশ্চিত করা, গত ১৭ বছরে বুটেক্স ক্যাম্পাসে সংঘটিত সব শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তের জন্য স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা, অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং তদন্ত প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত আসন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অভিযুক্তদের সার্টিফিকেট প্রদান স্থগিত রাখা অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নির্যাতিতরা, ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ভবিষ্যতে যাতে কোনো শিক্ষার্থী নির্যাতনের শিকার না হয়, সে লক্ষ্যে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা, শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও শিক্ষক হিসেবে বহাল থাকা ব্যক্তিদের অবিলম্বে বহিষ্কার, নির্যাতিত শিক্ষার্থীদের যথাযথ আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করা।
বুটেক্স ভর্তি পরীক্ষায় যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকার তথ্যমতে, ভর্তি পরীক্ষায় ৬৩০ আসনের বিপরীতে ১৪ হাজার ১৯ জন শিক্ষার্থী ভর্তিচ্ছু অংশগ্রহণের করতে পারবেন। প্রতি আসনের জন্য লড়বেন ২৩ জন পরীক্ষার্থী। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্যপ্রার্থীদের এক হাজার ২০০ টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহের তারিখ ২৩ হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, বুটেক্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি। মোট ২০০ নম্বরের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজিতে ২০ নম্বর থাকবে।