বিএনপি নেতা এ্যানীর ব্যক্তিগত সহকারী ১৫ লাখ টাকাসহ আটক
Printed Edition
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলকে আটক করা হয়।
গতকাল বুধবার রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন।
প্রশাসন জানিয়েছে, সন্ধ্যায় জেলা সদরের ঝুমুর গোল চত্বর এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির এমপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। শ্যামল এ্যানী চৌধুরীর খালাত ভাই। তার গাড়িটি এ্যানী চৌধুরীর নির্বাচনী গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন জানান, গাড়ি ও টাকাসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তিকে আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
প্রত্যদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্র জানায়, নির্বাচনকালীন নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী ঝুমুর এলাকায় চেকপোস্ট বসিয়েছে। কৃষকদল নেতা শ্যামলসহ তিনজন নির্বাচনকালীন ব্যবহৃত একটি গাড়িতে (ঢাকা মেট্টো-ঘ ১৭-১৩৭৭) যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়ি তল্লাশি করে ১৫ লাখ টাকা জব্দ করে আইনশৃঙ্খলাবাহিনী। পরে তাদেরকে জজ আদালতের চার তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ঘটনা হচ্ছে এ টাকা আমি কেন্দ্র খরচের জন্য পাঠিয়েছি। কৃষকদল নেতা বদরুল ইসলাম শ্যামলকে কল দিলেও তারা রিসিভ করেননি।