চবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে। এ পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা অঞ্চল (ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কলেজ) ও রাজশাহী অঞ্চলে (রাজশাহী বিশ্ববিদ্যালয়) একযোগে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ‘এ’ ইউনিটভুক্ত চারটি অনুষদের পরীক্ষা বেলা সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত সব কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলগুলো পরিদর্শন করেন। এ সময় চবির প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, ‘এ’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: গোলাম কিবরিয়া, যুগ্ম কো-অর্ডিনেটর ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, যুুগ্ম কো-অর্ডিনেটর ও চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী ও যুগ্ম কো-অর্ডিনেটর ও চবি মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
চবি ভিসি উৎসবমুখর পরিবেশে ভর্তি প্রার্থীদের ভর্তি পরীক্ষায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ভর্তি পরীক্ষাকে আরামদায়ক, স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল করাই আমাদের মূল লক্ষ্য। ভর্তি পরীক্ষা উপলক্ষে সব অংশীজনদের সাথে বারবার সভা করা হয়েছে। শিক্ষার্থীদের কষ্ট লাঘব করার জন্য একই দিন ঢাকা ও রাজশাহী অঞ্চলে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের সাথে আলোচনা হয়েছে। ট্রাফিক পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছে। এ ছাড়া চাকসুর প্রতিনিধিরা অভিভাবক প্যাভিলিয়নসহ নানা কার্যক্রমে সহায়তা করছে। প্রত্যেক হলে হল প্রশাসন ও হল সংসদের সহায়তায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের সেবা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাসে পর্যাপ্ত মেডিক্যাল টিম রাখা হয়েছে।
ভিসি বলেন, চবির ভর্তি পরীক্ষাগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, এলাকাবাসীসহ সব মহলের সাথে আলোচনার মাধ্যমে সহযোগিতা কামনা করা হয়েছে। তা ছাড়া ভর্তি পরীক্ষায় আগত অভিভাবকদের ক্যাম্পাসে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সে ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাকসুর তত্ত্বাবধানে অভিভাবকদের জন্য ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে অভিভাবক প্যাভিলিয়ন ও মেডিক্যাল বুথ করা করা হয়েছে।
সবার সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ট্রাফিক কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, হাটহাজারী উপজেলা প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্র্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো: ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু: জাফর উল্লাহ তালুকদার, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, আইসিটি সেলের পরিচালক, বলিষ্ঠ শিক্ষকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, ভর্তি কমিটির সচিব প্রমুখ।