সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : তথ্যমন্ত্রী
Printed Edition
বরিশাল ব্যুরো ও গৌরনদী সংবাদদাতা
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে সুফল তা এখন প্রমাণিত। পরবর্তীতে খালগুলো মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে তাও প্রমাণিত হয়েছে।
ফলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এ প্রকল্পের কাজ সম্পন হলে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে।
গতকাল রোববার বেলা এগারোটায় নিজ নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরো বলেন, আমরা কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করবো না। আমরা জনগণের সরকার করবো।
বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদীর সরিকল ইউনিয়নের কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেছেন, আমলা ও পুলিশকে জনগণের জন্য কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে।
মন্ত্রী আরো বলেছেন, শিল্পায়নের কারণে আমাদের বনায়ন কমে যাচ্ছে, সবুজায়ন কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে জলবায়ু ও পরিবেশের ওপর।
এ জন্য আমরা বনায়ন ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি সমন্বিত করার উদ্যোগ নিয়েছি।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমানকে ১৭ বছর দেশের বাহিরে রাখা হয়েছে। ১৭ বছর পর তিনি দেশে আসার মাত্র ৫৭ দিনের মধ্যেই জনগণ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। জাতির নেতা বানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছিলেন আমরা ক্ষমতায় আসার পরই সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজে হাত দিয়েছি।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: ইব্রাহীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি, বিএডিসির বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, বরিশাল বিএডিসির সহকারী প্রকৌশলী এস এম আতাই রাব্বি, গৌরনদী বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।
একই দিন গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের জন্য ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি ও তার সব অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করে তথ্যমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
বেলা দুইটায় তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন গৌরনদী প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।