মানিকগঞ্জে শিশু ও পীরগঞ্জে চালক নিহত
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জের সিংগাইরে এক শিশু ও রংপুরের পীরগঞ্জে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদ ইবনে জামান (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় নিউ ফিলিং স্টেশনের পূর্ব পাশে খান মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ ইবনে জামান সদর উপজেলার জুকুরিয়া গ্রামের জামান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রো বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে জাহিদ ইবনে জামান রাস্তায় ছিটকে পড়ে। ওই সময় দ্রুত গতিতে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকা শিশুটির মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের পীরগঞ্জে বাসচাপায় এক মোটরসাইকেলচালক নিহত এবং বাসের ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এই স্থানে প্রায়ই সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে উত্তেজিত ছাত্র-জনতা। এতে মহাসড়কের দু’পাশে শ’ শ’ যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ সদর থেকে ওই স্থানে ঢাকা মেট্রে হ-৬৩-৭২৪৩ মোটরসাইকেলচালক ইউটার্ন নিতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের ঢাকা মেট্রো ব ১৩-২৭০২ নম্বর বাসটি মোটরসাইকেলচালককে বাঁচাতে গিয়ে ব্রেক চাপলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় পেছনে থাকা অনিতা পরিবহন ঢাকা মেট্রো ব ১৫-৭৮৩৯ বাসটি ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৩৬)। তার বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার উত্তর কুমারপাড়া গ্রামে। তিনি বছির উদ্দিনের ছেলে।