ভাঙ্গায় বিএনপি প্রার্থীর পোস্টার নামালেন খন্দকার ইকবাল
Printed Edition
নির্বাচনী বিধি মানায় উদাহরণ তৈরি করলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের দিকনির্দেশনায় নির্বাচন কমিশনের নির্দেশ মানতে দৃষ্টান্ত স্থাপন করেছেন খন্দকার ইকবাল হোসেন সেলিম। গতকাল শনিবার দুপুরে ভাঙ্গা উপজেলা চত্বর থেকে তিনি নিজের উদ্যোগে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ শুরু করেন। নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে এসব প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দিলে তার প্রতি পূর্ণ সম্মান জানিয়ে সেলিম নিজ হাতেই সরিয়ে ফেলেন সব ব্যানার-ফেস্টুন। পরে সেগুলো একত্রিত করে পরিবেশবান্ধব উপায়ে নিঃশেষ করে ফেলেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি সম্মান রেখেই নির্দেশনা মানা আমাদের দায়িত্ব। পরিবেশ দূষণ রোধ এবং জনগণের সামনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যেই আমি নিজে উপস্থিত থেকে এসব সামগ্রী অপসারণ করছি। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আইয়ুব মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ওবায়দুল আলম সম্রাটসহ উপজেলা ও পৌর বিএনপি নেতারা। ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা।