তিতাসে ইমু-ফেসবুকে ব্ল্যাকমেইল ৬ লাখ টাকা দাবির অভিযোগে যুবক গ্রেফতার
Printed Edition
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার তিতাস উপজেলায় ইমু ও ফেসবুক ব্যবহার করে এক পরিবারকে ব্ল্যাকমেইল এবং ছয় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সোহানুর রহমান ওরফে ইয়াকুব ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে কুমিল্লা জেলা পুলিশের সাইবার টিম তিতাস উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। গ্রেফতার ইয়াকুব ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
ডিবিসূত্র জানায়, গত ২৫ নভেম্বর পার্শ্ববর্তী বাড়ির মেহনিকা নামের এক নারীকে একটি ভুয়া ইমু আইডি থেকে বার্তা পাঠানো হয়। সেখানে তাকে স্বামীর ফেসবুক ও মেসেঞ্জার চেক করতে বলা হয়, না করলে বিপদ হবে বলে হুমকি দেয়া হয়। পরে ভুক্তভোগী তার স্বামীর মেসেঞ্জারে দেখেন, অজ্ঞাত একটি ফেসবুক আইডি থেকে সংবেদনশীল ছবি ও ভিডিও পাঠানো হয়েছে। একই ধরনের ছবি-ভিডিও তার ইমুতেও পাঠানো হয়।
পরবর্তীতে এসব ছবি-ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে প্রতারকরা ছয় লাখ টাকা দাবি করে। এমনকি স্থানীয় কয়েকজনকে একটি গ্রুপে যুক্ত করে ওই ছবি-ভিডিও পাঠিয়ে ভুক্তভোগী পরিবারকে মানহানির ভয় দেখানো হয়।