খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বাউবিতে কুরআন খতম ও বিশেষ দোয়া
Printed Edition
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাতা চ্যান্সেলর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং জাতির জন্য তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “জাতীয় শোকের এই দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং গণতন্ত্র রক্ষায় আপসহীন সংগ্রামী নেত্রী। জীবনের নানা নির্যাতন, মামলা ও বঞ্চনা সত্ত্বেও তিনি দেশ ও গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি। তার রেখে যাওয়া আদর্শ ও স্বপ্ন আগামী দিনে বাস্তবায়িত হবে এবং শান্তি ও সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন”। তার রূহের মাগফিরাত কামনা করে ভিসি আরো বলেন, মহান আল্লাহ তায়ালা তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। পাশাপাশি তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করেন।
কুরআন খতম শেষে বিশেষ দোয়া ও মুনাজাতে খালেদা জিয়ার রূহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মুনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আব্দল্লাহ আল মামুন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন), ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো: আনিছুর রহমান, মসজিদ কমিটির সভাপতি, বিভিন্ন স্কুলের ডিন ও শিক্ষক, বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারী এবং মুসল্লিরা দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।