নবীনগরে আগুনে পুড়ে বসতঘর ছাই, নিহত ১
Printed Edition
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে মো: আলমগীর (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের আদর্শ গুড়িগ্রাম পূর্বপাড়ায় নিহত আলমগীরের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। নিহত আলমগীর গুড়িগ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।
জানা যায়, আলমগীর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হঠাৎ করে তার বসতঘরে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সময় আলমগীর ঘরের ভিতরে আটকা পড়েন। ঘরের লোকজনের চিৎকারে গ্রামবাসী উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভানো সম্ভব হলেও ঘরের ভিতরে আটকা পড়া আলমগীরকে উদ্ধার করতে পারেননি, দগ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।