ময়মনসিংহে মুহাম্মদুল্লাহ এমপির ইফতারে বিএনপির হামলা
Printed Edition
ময়মনসিংহ অফিস
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহকে সংবর্ধনা এবং ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আয়োজকদের দাবি, বিএনপির কর্মীরা অনুষ্ঠানস্থলে চেয়ার-টেবিল ভাঙচুর করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতাকর্মীরা।
গত মঙ্গলবার সন্ধ্যায় তারাকান্দা উপজেলার হরিয়াগাই বাজার ঈদগাহ মাঠে ঢাকুয়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল শুরুর প্রাক্কালে এ ঘটনা ঘটে।
আয়োজক সূত্রে জানা যায়, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্যকে প্রধান অতিথি করে অনুষ্ঠানস্থলে প্রস্তুতি চলছিল। আয়োজকরা নামাজে থাকাকালে কয়েকজন যুবক এসে চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে এক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার বিচার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ। তিনি লেখেন, দেশের ইতিহাসে নজিরবিহীন রাজনৈতিক সম্প্রীতির উদাহরণ সৃষ্টি হয়েছে, যেখানে প্রধান বিরোধী দলের ইফতারে প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন এবং দ্বিতীয় প্রধান বিরোধী দলের ইফতারেও একাধিক মন্ত্রী গেছেন।
এ ঘটনার সাথে দলের কোনো নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তাদের বক্তব্য, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নাম জড়ানো হচ্ছে।
তারাকান্দা থানার ওসি তানভীর আহমদ বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।