নির্বাচনে মানুষের ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে : মির্জা ফখরুল
Printed Edition
বাসস
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ করেছেন। বিশেষ করে নারীদের অংশগ্রহণ ও আগ্রহ অত্যন্ত আশাব্যঞ্জক বলে তিনি উল্লেখ করেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নিজ বাসভবনে নির্বাচন-পূর্ব এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। ফলে এবারের নির্বাচন জনগণের আশা-আকাক্সক্ষার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
তিনি বলেন, অতীতে নির্বাচনে ব্যাপক কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের মনে উদ্বেগ ও সন্দেহ তৈরি হয়েছে। মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে- শেষ পর্যন্ত নির্বাচন সঠিকভাবে হবে কি না। তবে সাম্প্রতিক সময়ে দু-একটি বিচ্ছিন্ন ঘটনার পর সবাই সংযত হয়েছে এবং সামগ্রিক পরিবেশকে ইতিবাচক বলেই মনে হচ্ছে।
বিএনপি মহাসচিব আরো বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে- এমন প্রত্যাশা তাদের রয়েছে। রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা নতুন করে শুরু করার সুযোগ তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তার সফর ও রাজনৈতিক বার্তা বিএনপির রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিতে সহায়ক হবে।
সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, এ ধরনের অপপ্রচার মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না। মানুষের প্রতি তাদের আস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ সচেতন এবং ভেবেচিন্তেই সঠিক সিদ্ধান্ত নেবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে। তাই জনগণকে তারা বারবার আহ্বান জানাচ্ছেন- নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিন, এটি আপনার অধিকার। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দল বেঁধে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। প্রশাসনের পক্ষ থেকেও ভোটারদের অংশগ্রহণে উৎসাহ দেয়া হচ্ছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, আল মামুন, তারিখ আদনানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।