চলে গেলেন ওসমান হাদি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদি আর নেই। গতকাল রাত ১০টায় চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তের গুলিতে মারাত্মক আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই রাতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা সঙ্কটাপন্ন অবস্থায় ছিল। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। গতকালই তার পরিবার চিকিৎসকদের হাদির মস্তিষ্কে অপারেশন করার অনুমতি দিয়েছিল।
এর আগে গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের এক বার্তায় শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন বলে জানানো হয়। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে শরিফ ওসমান বিন হাদির স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে। তার চিকিৎসার দেখভাল করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল সিঙ্গাপুর পৌঁছেছেন বলেও জানানো হয়।