বিভিন্ন স্থানে প্রাণ গেল ১০ জনের
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নারী, শিশু ও বৃদ্ধসহ ১০ জন নিহত হয়েছেন।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, দুপুরে শিবগঞ্জ উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বাজারে বাসেদ আলী (৯৩) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হন। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, রাস্তা পার হওয়ার সময় ধান বোঝায় একটি ভটভটি বাসেদ আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ দিকে দুপুরে ভোলাহাট উপজেলায় দলদলি ইউনিয়নের ইসলামপুর মসজিদের সামনে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রলি ধাক্কা দেয় হাসান (৮) নামের শিশুকে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলিচালক দ্রুত পালিয়ে যায়। মৃত শিশুটি দলদলি ইউনিয়নের ইসলামপুর গ্রামের আশরাফুলের ছেলে। ভোলাহাট থানার ওসি একরামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রলিটি আটক করা হয়েছে।
অন্য দিকে একই দিন দুপুরে গোমস্তাপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে আশিক (২৮) ও বড়গাছি গ্রামের মৃত আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ রুশো (৩০)। তারা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার উমপাড়ায় একটি অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ১ নারীর মৃত্যু হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান আরো একজন। নিহত ও আহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরই মাইক্রোবাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত ওই নারীর নাম কোবায়েদা বেগম (৫৫)। তিনি শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকার মো: এখলাস উদ্দিনের স্ত্রী। হাসপাতালে নেয়ার পথে নিতহ ব্যক্তির নাম মো: মাজেদ (৪৫)। তিনি একই উপজেলার আলমপুর এলাকার কাসেম আলীর ছেলে এবং ওই অটোরিকশার চালক।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রিনা আক্তার (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত রিনা আক্তারের স্বামী মাদরাসা সুপার সাইফুল ইসলাম। নিহত রিনা আক্তার জেলার দেবীগঞ্জ উপজেলার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা এবং দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা ছিলেন।
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর রানীনগরে সড়ক দুর্ঘটনায় রেজাউল ইসলাম (৪২) নামে একজন সার-কীটনাশক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনার পর মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রেজাউল ইসলাম উপজেলার কাশিমপুর উত্তরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল মারুফ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে সদর উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ চওড়া বড়গাছা ইউনিয়নের ছত্রসাল এলাকার আব্দুস সালামের ছেলে। সে নীলফামারী জেলা জজ আদালতের আইনজীবী সহকারী ছিলেন।
সৈয়দপুর, (নীলফামারী) সংবাদদাতা জানান, নীলফামারীর সৈয়দপুরে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার বেলা ১১টায় সৈয়দপুর-রংপুর মহাসড়কের খিয়ারজুম্মা বাজারের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম মো: সুমন ইসলাম (৩২)। আর গুরুতরভাবে আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি মোটরসাইকেল আরোহী রহমোতুল্লা, ইসলাম (কালঠু)। দুইজনেরই বাড়ি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের পূর্ব অসুরখাই কোরানিপাড়া।