মেহেরপুরে চিকিৎসকদের সাথে তাজ উদ্দিন এমপির মতবিনিময়
Printed Edition
মেহেরপুর প্রতিনিধি
স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান। গতকাল শনিবার সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সাজ্জাদ হাসান জনবল কাঠামো অনুযায়ী চিকিৎসক-সহ চতুর্থ শ্রেণীর কর্মচারী সঙ্কটের কথা তুলে ধরেন। এ সময় হাসপাতাল চত্বর, ফুটপাথে ভ্রাম্যমাণ দোকান, ভিক্ষুক, মাদকসেবীদের উৎপাতসহ নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তাজ উদ্দিন খান বলেন, ইতোমধ্যে হাসপাতালের সমস্যাগুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা হয়েছে। একই সাথে সব সমস্যার সমাধান করা সম্ভব না হলেও চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা সম্ভব হবে। নিরাপত্তা ব্যবস্থার জন্য তিনি ৩০ জন আনসার সদস্য মোতায়েনের কথা বলেন। এ সময় তিনি হাসপাতালে কর্মরত সবার প্রতি মানুষের সেবার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা বিএমএ’র সভাপতি ও মেহেরপুর জেনারেল হাসপাতালের সাবেক আরএমও ডা: আব্দুস সালাম, চিকিৎসকদের পক্ষে হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট ফজলুর রহমান ও বাংলাদেশ নার্সিং অ্যসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট আসাদুল ইসলাম।