যুক্তরাজ্যে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

Printed Edition

বিবিসি

প্রযুক্তির আগ্রাসন থেকে নতুন প্রজন্মকে সুরক্ষিত রাখতে ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধের এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন প্রশাসন এই কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করতে ‘হাইলি ইফেকটিভ এজ অ্যাসিওরেন্স’ বা অত্যন্ত নিখুঁত বয়স যাচাইকরণ প্রযুক্তির আশ্রয় নিতে যাচ্ছে।

নতুন এই আইনি বাধ্যবাধকতার ফলে সামাজিকমাধ্যমগুলোকে প্রতিটি ব্যবহারকারীর প্রকৃত বয়স নিশ্চিত করতে হবে। এর জন্য প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের মুখমণ্ডল স্ক্যান (ফেসিয়াল স্ক্যান) কিংবা প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র যাচাইয়ের মতো কঠোর পদ্ধতি অবলম্বন করবে। ১৬ বছরের ঊর্ধ্বের ব্যবহারকারীদের শনাক্তকরণের সবচেয়ে সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করতে দেশটির প্রযুক্তি খাতের নিয়ন্ত্রক সংস্থা ‘অফকম’ দ্রুতই একটি বিশেষ সমীক্ষা শুরু করবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত শিশুদের প্রাপ্তবয়স্কদের কনটেন্ট থেকে দূরে রাখতে যুক্তরাজ্যের পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলোতে ইতোমধ্যে এই ধরনের ডিজিটাল বয়স যাচাই ব্যবস্থা সফলভাবে চালু রয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম ছাড়াও স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব এবং এক্সের (সাবেক টুইটার) ওপর এই নিষেধাজ্ঞা বলবৎ হবে। তবে জরুরি যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচিত হওয়ায় হোয়াটসঅ্যাপ এবং সিগন্যালকে এই কড়াকড়ি থেকে ছাড় দেয়া হয়েছে। শিশুদের মানসিক স্বাস্থ্য ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টেলিভিশনে দেয়া এক ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সরকারের এই অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ‘সম্পূর্ণ নিষেধাজ্ঞাই একমাত্র সঠিক পথ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রশ্নে আমি বিন্দুমাত্র আপস করতে রাজি নই।’