৩ ছাত্রসহ বিভিন্ন স্থানে ৯ জন নিহত
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে তিন ছাত্রসহ নয়জন নিহত হয়েছেন।
সিলেট ব্যুরো জানায়, সিলেটের গোয়াইনঘাটে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। সোমবার রাতে গোয়াইনঘাট-সারীঘাট সড়কের পুকাশ স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রের নাম জসিম উদ্দিন (১৮)। তিনি উপজেলার ৯ নং ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামের আব্দুল হকের ছেলে ও গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। আহতরা হলেন গিয়াস উদ্দিন সাদি (২২) ও ইয়ামিন (১৮)।
স্থানীয়সূত্রে জানা যায়, সোমবার রাতে মোটরসাইকেলে করে তিনজন গোয়াইনঘাট সদর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পুকাশ স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভারতীয় অবৈধ মহিষবোঝাই একটি দ্রুতগামী ডিআই পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই জসিম উদ্দিন মারা যান। আহতদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দিকে সিলেটের হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম পায়েল গোপ (২৩)। সে হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে। আহতের নাম বিশাল গোপ।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, পায়েল ও বিশাল মোটরসাইকেলে করে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে রতনপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলচালক পায়েল গোপকে মৃত ঘোষণা করেন। অপর দিকে, গুরুতর আহত বিশাল গোপকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই ঢাকা সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় মাহিম নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা এলাকায় ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত মাহিম (১২) নান্নার ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর গ্রামের মো: এখলাচের ছেলে। সে আশাবোন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, সকালে মাহিম স্কুলে যাওয়ার সময় ধাইরা ব্রিজের উপর ইটবোঝাই ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হয়।
ধামরাই উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শামীম হোসেন বলেন, ইটভাটার ট্রাকটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় ধাইরা ব্রিজের মধ্যে মাহিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় সে।
সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত চার যাত্রী আহত হয়েছেন। আহতরা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্নস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় অজ্ঞাত এক মহিলা (৩৫) নিহত হয়েছেন। পৌরসভার কাঁঠালী এলাকায় উর্বি সিএনজি পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গত সোমবার রাত ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, ঘটনার সময় পৌরসভার কাঁঠালী এলাকায় উর্বি সিএনজি পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন অজ্ঞাত পরিচয়ের ওই নারী। ওই সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় বাসচাপায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আসমা বেগম (৫৫) নামের এক নারী মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কুটম্বপুর ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমা বেগম চান্দিনা উপজেলার ঘাটিগড়া গ্রামের মৃত কেরামত আলীর স্ত্রী।
পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী ‘সারা এক্সপ্রেস’ ( ঢাকা মেট্রো-ব-১২-৫৩৩৬) নামের বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আসমা বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের চকরিয়ায় গ্রামার স্কুলের এক শিক্ষার্থী রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী অটোরিকশা (ইজিবাইক) সাথে ধাক্কা গেলে ছিটকে পড়ে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে নওশাদ শরীফ নুর ( ১২) নামে এ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চকরিয়ার-বদরখালী সড়কের বাটাখালী এলাকায় স্কুলছাত্র শরীফ রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে পাশে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থী নওশাদ শরীফ নুর (১২) চকরিয়া পৌরসভার বাটাখালীর খোন্দকারপাড়ার প্রবাসী মোহাম্মদ ইউছুফের ছেলে ও চকরিয়া গ্রামার স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা যায়।