ব্যাংক থেকে বের হতেই বৃদ্ধের লাখ টাকা ছিনতাই

Printed Edition

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে বের হতেই ছিনতাইয়ের শিকার হয়েছেন এক বৃদ্ধ। নিজের কষ্টার্জিত টাকা হারানোর শোকে কান্নায় ভেঙে পড়েন ষাটোর্ধ্ব বৃদ্ধ মনসুর আহাম্মদ।

রোববার বেলা ১১টায় মিরসরাই পৌর সদরের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বৃদ্ধ মনসুর আহাম্মদ (৬০) উপজেলার ইছাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড লুদ্দাখালী গ্রামের সফল আলী মালে বাড়ির বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্প্রতি মিরসরাই উপজেলাজুড়ে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। গত ছয় মাসে ঘটেছে অর্ধশত চুরি ডাকাতির মতো ঘটনা। এতে উপজেলার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ছিনতাইয়ের শিকার হওয়ার মনসুর আহাম্মদ জানান, আমার জমানো দেড় লাখ টাকা উত্তোলন করে বের হয়ে ব্যাংকের মূল ফটকে পৌঁছলে দু’জন মাস্ক পরিহিত যুবক হঠাৎ আমার এক পকেটে হাত দিয়ে এক লাখ টাকা টান দিয়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। আমি কিছু বুঝে উঠতে পারিনি কী হলো আমার সাথে।

মনসুর আহাম্মদের বড় ছেলে তায়েফ জানান, ক’দিন আগেই আমার বিয়ে সম্পন্ন হয়। আবার বাবা প্রবাসী ছিলেন।

নিজের জমানো টাকা পারিবারিক কাজে উত্তোলন করতে এসে ছিনতাই শিকার হয়ে কান্নায় ভেঙে পড়ছেন। ব্যাংক তাদের গ্রাহকদের ন্যূনতম নিরাপত্তা দিতে পারছে না।

সিকিউরিটি গার্ড বলছে গেটের বাইরে কী হচ্ছে সেসব আমাদের দেখার বিষয় না। মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, টাকা ছিনতাইয়ের বিষয়ে জেনেছি। থানায় অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।