উলিপুরে ১৩ বছর ধরে অকেজো ব্রিজ, হাজারো মানুষের দুর্ভোগ

Printed Edition

আনিছুর রহমান উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে একটি ব্রিজের জন্য ১৩ বছর ধরে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। নির্মাণের মাত্র এক বছর পরই দেবে যাওয়া ব্রিজটি আজও সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। ফলে বুড়াবুড়ি ইউনিয়নের বিশাল একটি অংশের যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জনতার হাট-সাগরপাড় সড়কের ওপর ২০১৩-১৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আওতায় প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু নির্মাণের পরের বছরই ব্রহ্মপুত্র নদের বন্যার পানির তীব্র স্রোতে নিচের মাটি সরে গিয়ে ব্রিজটি মাঝবরাবর দেবে যায়। এরপর এক যুগের বেশি সময় পার হলেও সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

বর্তমানে এই সড়ক দিয়ে যাতায়াতকারী বুড়াবুড়ি বাজার, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক এবং স্থানীয় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য কাইয়ুম সরকার বলেন, ব্রিজটি অকেজো থাকায় আমাদের প্রায় চার কিলোমিটার পথ ঘুরে শহরে যেতে হয়। এতে সময় ও খরচ দুই-ই বাড়ছে।

জনতার হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ জানান, শুকনো মৌসুমে মানুষ ফসলি জমির আল দিয়ে কোনোমতে চলাচল করলেও বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের যাতায়াতে পোহাতে হয় অবর্ণনীয় কষ্ট। বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ বলেন, বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো আশানুরূপ কাজ হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান জানান, বন্যার স্রোতে মাটি সরে যাওয়ায় ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার বলেন, পুরনো ও দেবে যাওয়া ব্রিজটি নিলামে বিক্রি অথবা অপসারণ করার প্রক্রিয়া চলছে। এরপর ওই স্থানে নতুন করে একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেয়া হবে।