৩ হিন্দু ধর্মাবলম্বীকে পিটিয়ে রক্তাক্ত করলেন বিএনপি নেতা

Printed Edition

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর মির্জাগঞ্জে জমির বিরোধ মেটাতে গিয়ে এক বিএনপি নেতার বিরুদ্ধে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মজিবর রহমান উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ গাবুয়া গ্রামে সমীর চন্দ্র হাওলাদারের বসতঘর সংলগ্ন একটি মন্দিরের গাছের ডাল কাটা নিয়ে তার ভাই শংকর চন্দ্রের সাথে বিরোধ বাধে। খবর পেয়ে বিএনপি নেতা মজিবর রহমান লোকজন নিয়ে ঘটনাস্থলে যান। অভিযোগ রয়েছে, তিনি শংকর চন্দ্রের পক্ষ নিয়ে সমীর চন্দ্রকে লাঠিপেটা শুরু করেন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী সবিতা রানী ও মেয়ে ঝিলিক রানীকেও বেধড়ক পিটিয়ে জখম করা হয়। আহতরা গত রোববার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তারা বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।

অভিযোগ অস্বীকার করে মজিবর রহমান বলেন, আমি কাউকে মারধর করিনি। বরং দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়েছিলাম। একটি মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা প্রচার চালাচ্ছে। উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু বলেন, কারো ওপর হামলা করা নিন্দনীয়। অপরাধী দলের যে পদেরই হোক, তাকে ছাড় দেয়া হবে না। মির্জাগঞ্জ থানার ওসি আবদুস সালাম জানান, ভুক্তভোগীরা থানায় এসে মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।