ম্যানহোলে পড়ে শ্রমিকের মৃত্যু

Printed Edition

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ম্যানহোলে পড়ে মাসুম (৫২) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে ভাঙ্গা পৌরসভার মাছ বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়কের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, অসাবধানতাবশত কাজ করার সময় হঠাৎ করে একটি খোলা ম্যানহোলে পড়ে যান মাসুম। স্থানীয় লোকজনের চিৎকারে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা: পলাশ সাহা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুমের বাবার নাম আব্দুল হাই শেখ। তার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে।