ববিতা’র জন্মদিনে আসছে ‘আওয়ার ড্রিম গার্ল’

Printed Edition

বিনোদন প্রতিবেদক

দেশের প্রখ্যাত চিত্রনায়িকা ববিতার জন্মদিন আগামী ৩০ জুলাই। তার জন্মদিনকে উপলক্ষে সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে ববিতাকে নিয়ে একটি জন্মদিনের গান তৈরি করা হয়েছে। গানের শিরোনাম ‘আওয়ার ড্রিম গার্ল’। গানটি লিখেছেন সাংবাদিক ওমর ফারুক, সুর সঙ্গীত করেছেন শান সায়েক। ‘শানস ল্যাব’ স্টুডিওতে এই গানে কণ্ঠ দিয়েছেন শান সায়েক, রাশেদ, শাপলা পাল, জয়, রাইসা ও তানজিন মিথিলা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বহু নন্দিত মিউজিক ভিডিওর নির্মাতা মো. সামছুল হুদা। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন নাঈম। গত ২২ জুলাই বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুলশানে ববিতার বাসায় গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়। সেদিন অভি মঈনুদ্দীন ফুল দিয়ে ববিতাকে বরণ করার পাশাপাশি তার হাতে ‘লুকস’র পক্ষ থেকে জন্মদিনের বিশেষ উপহারও তুলে দেন। এছাড়াও শিল্পীদেরকে সাথে নিয়ে ববিতা জন্মদিনের কেকও কাটেন। মিউজিক ভিডিওতে ববিতার উপস্থিতিতেই গানে গানে ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছন্দে ছন্দে তার কীর্তিময় জীবনগাথা তুলে ধরা হয়। ববিতা বলেন, ‘এক জীবনে আমাকে ঘিরে অনেক কিছুই হয়েছে। কিন্তু অভির উদ্যোগে জন্মদিনের গান-এটা সত্যিই একেবারেই ব্যতিক্রম একটি কাজ। ওমর ফারুকের লেখা, শানের সুরে শিল্পীদের কণ্ঠে আমাকে নিয়ে গাওয়া আওয়ার ড্রিম গার্ল গানটি আমার এত ভালোলেগেছে যে আমার কাছে এখনো বিশ^াস হচ্ছে না যে, আমাকে নিয়েই এত সুন্দর এই গান। অভিসহ পুরো টিমের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা আর দোয়া রইল।’ শান সায়েক বলেন, ‘আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ আওয়ার ড্রিম গার্ল। রাশেদ বলেন, ‘এমন একটি গানের সাথে যুক্ত থাকতে পেরে ভীষণ ভালোলাগছে।’ শাপলা বলেন, ‘আমি ভাবতেও পারিনি এমন এক গান আমার ভাগ্যে থাকবে।’ জয় বলেন, ‘জীবনে কিছু মুহূর্ত আসে যা অবিশ^াস্য মনে হয়। ববিতা ম্যাডামের সান্নিধ্যে আসাটা এখনো যেন অবিশ^াস্যই মনে হচ্ছে।’ রাইসা বলেন, ‘আমি শুধু মুগ্ধ হয়ে বারবার ববিতা ম্যাডামকেই দেখছিলাম।’ তানজিন মিথিলা বলেন, ‘ববিতা ম্যাডাম বাংলাদেশের গর্ব-এটা গত ২২ জুলাই প্রতিটি মুহূর্তে অনুভব করেছি।’ অভি মঈনুদ্দীন বলেন, বিগত ৫/৬ বছর ধরেই ববিতা আপার সাথে জন্মদিনের গান নিয়ে নানান পরিকল্পনা চলছিল, অবশেষে আপা এই সময়ে এসে সম্মতি দেয়ায় আওয়ার ড্রিম গার্ল গানটির সৃষ্টি হলো। প্রত্যেক শিল্পী এক কথায় দারুন গেয়েছেন। ববিতা আপাকে ঘিরে আমার একটি স্বপ্ন পূরণ হলো। শিল্পীদের প্রতি কৃতজ্ঞ।