হাদির ওপর হামলার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ

Printed Edition
3rd-5
শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ : নয়া দিগন্ত

বুটেক্স প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শিক্ষার্থীরা।

শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের পকেট গেটে সমবেত হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার পকেট গেটেই মিছিলের সমাপ্তি ঘটে। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। ৪৭তম ব্যাচের শিক্ষার্থী রেদোয়ানুল হক আসিফ বলেন, ‘ওসমান হাদি তরুণদের কাছে রাজনীতির নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি প্রমাণ করেছেন, দেশের ভবিষ্যৎ নিয়ে মতামত দেয়ার অধিকার সবার রয়েছে। তার ওপর হামলা মানে স্বাধীন মতপ্রকাশের ওপর হামলা।’

৪৮তম ব্যাচের শিক্ষার্থী হামিদ আযাদ বলেন, ‘হাদি ভাই বাংলাদেশপন্থী রাজনীতির ধারণা সামনে এনেছিলেন। আধিপত্যবাদবিরোধী, স্বদেশকেন্দ্রিক রাজনৈতিক ভাবনার কথা তিনি আমাদের শোনাতেন। তিনি আমাদের কাছে জুলাই আন্দোলনের এক প্রতীক।’

৪৯তম ব্যাচের দাহির মাহমুদ বলেন, ‘আজ শুধু হাদি ভাই আহত নন- আহত আমরা সবাই। যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করি, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন, তারা কোনোভাবেই সন্ত্রাসী হামলা মেনে নেবো না। বরং এই ঘটনা আমাদের আরো ঐক্যবদ্ধ করেছে। আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস নিয়ে এগিয়ে যাবো।’