সিরিজ হার টাইগ্রেসদের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

রাজশাহীতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা নারী দল। বলতে গেলে বাংলাদেশের হয়ে একাই লড়েছেন সোবহানা মোস্তারি।

আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান করে জ্যোতি বাহিনী। সোবহানা ৫ নম্বরে নেমে ৮০ বলে ৮ চারে ৭৪ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪৪.৪৪ স্ট্রাইক রেটে ৯০ বলে করেন ৪০ রান। এ ছাড়া ২৫ রান করেন শারমিন সুলতানা, ১৬ বলে ২০ রান করেন রিতু মণি। শ্রীলঙ্কার পক্ষে কাভিশা দিলহারি তিনটি ও নিমাশা মিপাগে দু’টি উইকেট নেন।

জবাবে দলীয় ১৯ রানে চামারি আতাপাত্তুকে হারালেও দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কার হয়ে হাল ধরেন হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। দুজনের ১০৮ রানের জুটি গড়েন। ৭৯ বলে ৫৬ রান করে দুলানি বিদায় নেন। ১৩১ বলে ১৩ চারে ৯৫ রান করে সাজঘরে ফিরেন পেরেরা। হারশিথা সামারাবিক্রমা ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। বাংলাদেশের পক্ষে জোড়া উইকেট পান মারুফা আক্তার।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২১৩/৮ (সোবহানা ৭৪, নিগার ৪০, শারমিন ২৫, রিতু ২০, কাবিশা ৩/৪৮, নিমাশা ২/৪০)।

শ্রীলঙ্কা : ৪৬.৩ ওভারে ২১৪/৩ (হাসিনি ৯৫, ইমেশা ৫৬, হর্ষিতা ৪৪*; মারুফা ২/৪৯)।

ফল : শ্রীলঙ্কা নারী দল ৭ উইকেটে জয়ী।

সিরিজ : তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ২-১-এ জয়ী।

ম্যাচ সেরা : হাসিনি পেরেরা।

সিরিজ সেরা : ইমেশা দুলানি।