চুয়েটে তিন দিনব্যাপী সিএসই ফেস্ট ২০২৫ শুরু

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৫’ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে উৎসবের উদ্বোধন করেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আধুনিক বিশ্বে প্রযুক্তিকে বাদ দিয়ে উন্নয়নের কথা চিন্তাই করা যায় না। ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হবে কম্পিউটার ইঞ্জিনিয়াররা। সফটওয়্যার, ডেটা, অ্যালগরিদম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা, চিকিৎসা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রেই অপরিহার্য হয়ে উঠেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, এবং ডেলিনিয়েট-এর ফুলস্ট্যাক টেক লিড আরাফাত হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর।

সঞ্চালনা করেন সিএসই ২০ ব্যাচের শিক্ষার্থী মো. আবতাহী কবির এবং সমন্বিতা সরকার।উদ্বোধনী দিনের শুরুতেই শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে তিনদিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।

সিএসই ফেস্ট ২০২৫-এর বিভিন্ন আয়োজনে থাকছে- ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট, ন্যাশনাল ড্যাটাথন, মাইক্রো-ওপস হ্যাকাথন, টেকনিক্যাল টক, সেমিনার, জব ফেয়ার। চুয়েটে এই উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও প্রযুক্তি উদ্ভাবনের নতুন উৎসাহ দেখা গেছে। বিজ্ঞপ্তি।