স্কালোনির শততম ম্যাচ
Printed Edition
আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে লিওনেল স্কালোনির নাম আগেই স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। দু’টি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জয়ের পর এবার আরো একটি মাইলফলক ছুঁতে যাচ্ছেন তিনি। কেপ ভার্দের বিপক্ষে আগামী শনিবার ভোরে বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচটি হবে আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে তার ১০০তম ম্যাচ।
২০১৮ বিশ্বকাপ শেষে হোর্হে সাম্পাওলির বিদায়ের পর আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। যুব পর্যায়ের কোচ এবং সাম্পাওলির সহকারী হিসেবে কাজ করা সাবেক এই রাইট ব্যাককে গুরুদায়িত্ব দেয়ায় তখন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সমালোচনা করেছেন অনেকে। অবশ্য জবাব দিয়েছেন নিজের কাজ দিয়েই। স্কালোনির হাত ধরে ২০২১ সালে ২৮ বছরের শিরোপাখরা কাটিয়ে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এরপর ২০২২ বিশ্বকাপ ঘরে তোলে আলবিসেলেস্তেরা। ২০২৪ সালে ফের কোপা আমেরিকার শিরোপা জেতে জায়ান্টরা। এখন পর্যন্ত স্কালোনির অধীনে ৯৯ ম্যাচে ৭২ জয় পেয়েছে আর্জেন্টিনা। ১৮ ড্রয়ের বিপরীতে হেরেছে মাত্র ৯ ম্যাচ।