নূরানি বোর্ডের ফল প্রকাশ

পাসের হার ৯০.৩৬ শতাংশ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

নূরানি তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি) পরিচালিত তৃতীয় শ্রেণীর ১৯তম সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার বোর্ডের মোহাম্মদপুরের কেন্দ্রীয় কার্যালয়ের শায়খুল কুরআন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ করা হয়। একই সাথে অনুষ্ঠানে জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন। দেশের মোট এক হাজার ১২টি কেন্দ্রে গত ২৯ নভেম্বর দেশব্যাপী একযোগে এই সমাপনী পরীক্ষা শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলে। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৩ হাজার ৫৩২ জন এবং পাসের হার ৯০ দশমিক ৩৬ শতাংশ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন বলেন, দেশব্যাপী তরুণ আলেমদের কাছে অনুরোধ করছি যে একটি নীরব সাধনায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে, আর তা হচ্ছে প্রতিটি গ্রামে, পাড়ায় ও মহল্লায় নূরানি মাদরাসা, নূরানি স্কুল, নূরানি মক্তব ও ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করা। তিনি আরো বলেন, আমাদের প্রতিটি সন্তানের কাছে দ্বীন শিক্ষাকে সহজ থেকে সহজতর করতে হবে। পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব ইসমাইল বেলায়েত হুসাইন বলেন, শিশুরা কাঁচামাটির মতো। তাদের যেভাবে গড়ে তুলবেন, তারা সেভাবেই গড়ে উঠবে। আমরা দ্বীন ধর্ম ও মাতৃভূমির ভালোবাসায় সন্তানদের গড়ে তুলি। সুনাগরিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে কাজ করে নূরানি বোর্ড।

এ দিকে এই অনুষ্ঠানে তরুণদের জন্য ‘শায়খুল কুরআন আল্লামা কারি বেলায়েত হুসাইন (রহ:) স্কলারশিপ’-এরও ঘোষণা দেয়া হয়। ১০ লাখ টাকা সমমূল্যের এই স্কলারশিপ পাবেন ১০০ তরুণ। মনোনীত ১০০ তরুণ ১০ হাজার টাকা সমমূল্যের নূরানি মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সটি বিনামূল্যে করতে পারবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা আবু বকর ও মাওলানা তারেক হুসাইনসহ নূরানি তালিমুল কুরআন বোর্ডের কর্মকর্তা ও দায়িত্বশীলরা। প্রসঙ্গত, শায়খুল কুরআন আল্লামা কারি বেলায়েত হুসাইন (রহ:) প্রতিষ্ঠিত এই বোর্ডটি দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলেও শিশু শিক্ষায় অনন্য ভূমিকা পালন করে আসছে এবং বর্তমানে এই ধারার হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠান সারা দেশে কার্যক্রম পরিচালনা করছে।