হাতিয়ায় সন্তানের মৃত্যুর ক্ষতিপূরণ চান কৃষকদল নেতা
Printed Edition
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
মাটি কাটার মেশিনে চাপা পড়ে মারা যায় এক শিশু। মেশিনের আঘাতে ক্ষতবিক্ষত হয় শরীরের বিভিন্ন অংশ। অভিভাবকদের সাত্বনা দিতে নেয়া হয় হাসপাতালে। এর অনেক আগেই মৃত্যু হয় তার। লাশ বাড়ি পৌঁছার আগে আসে সমঝোতার প্রস্তাব। একরকম জোরপূর্বক সমঝোতাও করা হয়। বিনিময়ে নির্ধারণ করা হয় মোটা অঙ্কের টাকা। এক বছর পরে সে টাকা চাইতে গেলে দেয়া হয় প্রাণনাশের হুমকি। নিজ দলের নেতাদের এ ধরনের আচরণে বাকরুদ্ধ কৃষকদল নেতা সেলিম মাঝি। নোয়াখালীর হাতিয়ায় বুড়ির ইউনিয়নের কালিরচর গ্রামে ঘটে এই ঘটনা।
গতকাল সকালে উপজেলা মুক্তিযোদ্বা ভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বুড়িরচর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড কৃষক দল সিনিয়র সহসভাপতি সেলিম মাঝি।
সংবাদ সম্মেলনে সেলিম মাঝি অভিযোগ করে বলেন, এক বছর আগে মাটি কাটার মেশিনে (এক্সক্যাভেটর) চাপা পড়ে নিহত হয় ইয়াসিন আরাফাত (১১)। তাৎক্ষণিক খবর পেয়ে আমার ছোট ভাই কালাম ঘটনাস্থলে গিয়ে দেখেন ইয়াসিনকে মেরে মাটি চাপা দেয়া হচ্ছে। তার চিৎকারে মাটি না দিয়ে তাকে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে আমার ছেলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন ডাক্তার। ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের মার্চ মাসে।