কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৪ জামায়াত ৬ ও আ’লীগ ৭ পদে জয়ী
Printed Edition
কক্সবাজার অফিস
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কোনো একক প্যানেল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায়নি। শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনে তিনটি পৃথক প্যানেলের প্রতিদ্বন্দ্বিতায় প্রধান পদগুলোতে মিশ্র ফলাফল এসেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। তবে কার্যকরী কমিটির ১৭টি পদের মধ্যে সবচেয়ে বেশি সাতটি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার অ্যাডভোকেট আহমদ কবির রোববার রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপি সমর্থিত প্যানেল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ ১৭টি পদের মধ্যে সভাপতিসহ চারটি পদে জয়ী হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন পর এবারই প্রথম বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীরা পৃথক প্যানেলে নির্বাচন করেছেন। জামায়াত সমর্থিত প্যানেল ‘বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ’ ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতিসহ ছয়টি পদে জয়ী হয়েছে। আর আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১৭টি পদের মধ্যে ১৪ জন প্রার্থী দিয়ে সহ-সাধারণ সম্পাদকসহ সর্বোচ্চ সাতটি পদে জয়লাভ করেছে। ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এক বছর বিরতির পর তারা নির্বাচনে ফিরে এই সাফল্য পেল।
বিএনপি প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল মান্নান, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শওকত ওসমান এবং নির্বাহী সদস্য আজিজুল করিম নির্বাচিত হয়েছেন।
জামায়াত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী, সিনিয়র সহ-সভাপতি আবদুল বারী, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য এ কে এম শাহজালাল চৌধুরী ও মোহাম্মদ নেজামুল হক এবং নির্বাহী সদস্য এস এম জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (হিসাব) মোহাম্মদ মহিউদ্দীন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদা খানম কক্সী, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য জিয়াউদ্দিন আহমদ ও ইকবালুর রশিদ আমিন সোহেল, সদস্য পদে পারভীন সুলতানা পিয়া ও সেকাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।
১৯০১ সালে স্থাপিত এই ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় এক হাজার ২০০। এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৯৪৩ জন আইনজীবী, যার মধ্যে ৮৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।