ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
ভারতের পার্লামেন্টে বাংলাদেশের মরহুম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
গতকাল ভারতের পার্লামেন্টে দুই কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়। লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশাপাশি সদ্য মরহুম মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, পার্লামেন্ট সদস্য শালিনী পাতিল, ভানু প্রকাশ মির্ধা, সত্যেন্দ্র নাথ ব্রহ্ম চৌধুরী, সুরেশ কালমাদি ও কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুতে শোকবার্তা পাঠ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানান।
স্পিকার বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। এই শ্রদ্ধা নিবেদন ভারতের পার্লামেন্টের ঐতিহ্যের অংশ, যেখানে প্রতিবেশী দেশগুলোর প্রভাবশালী নেতাদের স্মরণ করা হয়, যারা রাজনৈতিক জীবনে আঞ্চলিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন।
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংক্ষিপ্ত সফরে ঢাকা এসেছিলেন। এ ছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।